বাগমারা প্রতিনিধি:
আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা। দলীয় সিদ্ধান্তে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ ওয়ারেছ আলী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাগমারা উপজেলা জামায়াতের আমির বাবুল হুসাইনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় এবং নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একক প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় ড. মোহাম্মদ ওয়ারেছ আলী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারসহ সংগঠনের দায়িত্বশীল নেতাদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
ড. ওয়ারেছ আলী বলেন, দল তাঁর ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। দলীয় ঐক্য, নেতাকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি।
অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।