দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বাগমারার এমপি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বাগমারার এমপি

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডাঃ আব্দুল বারী সরদারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসাব্যবস্থা ও জনস্বাস্থ্য নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের সেবার সঙ্গে সম্পৃক্ত থাকা ডাঃ আব্দুল বারী সরদার এবার সংসদীয় দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্যখাতের নীতিনির্ধারণে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেলেন। ফলে তাঁর এ অন্তর্ভুক্তিকে বাগমারার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র, সাধারণ মানুষের চিকিৎসা-সংক্রান্ত সমস্যা এবং প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতের উন্নয়ন, প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলোতে তাঁর চিকিৎসকসুলভ অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে পারে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ডাঃ আব্দুল বারী সরদারকে নিয়ে বাগমারার মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় তাঁর দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো। স্থানীয় মানুষের আশা, নিজের চিকিৎসা-অভিজ্ঞতা ও জনপ্রতিনিধি হিসেবে অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাগমারাসহ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম রফিকুল ইসলাম (গাজীপুর-৩)-কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এম এ মহি (সিরাজগঞ্জ-৬), মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), আবু মসকাউত হাসান, ইকরামুল বারি টিপু (নওগাঁ-৪), মো. আনোয়ারুল হক (নেত্রকোণা-২), শামীম আরা বেগম স্বপ্না (মহিলা আসন-২১) এবং মাহমুদা আলম মিথু (মহিলা আসন-৪৬)।

বাগমারার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ডাঃ আব্দুল বারী সরদারের এ দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, একজন চিকিৎসক ও সংসদ সদস্য হিসেবে তাঁর অভিজ্ঞতার সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে তিনি বাগমারাসহ দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com