প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলার একজন প্রবাসীও রয়েছেন। নিহত বাগমারার ওই প্রবাসীর নাম শ্যামল। তিনি উপজেলার মরুগ্রাম এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যু হয়েছে। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। অগ্নিকাণ্ডে মরদেহ পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করতে সময় লাগছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। আত্রাইয়ের বিভিন্ন গ্রামে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন ও নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, রোববার দুপুরের দিকে ওই সোফা কারখানায় আগুন লাগে। এ সময় কারখানায় থাকা শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। একজন বাইরে থেকে ফিরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও প্রশাসনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে।
বাগমারার নিহত প্রবাসী শ্যামলের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।