দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শুভডাঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মানুষের সমস্যার কথা শুনলেন এমপি আব্দুল বারী

শুভডাঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মানুষের সমস্যার কথা শুনলেন এমপি আব্দুল বারী

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন। ইউনিয়নের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

রোববার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য দৌলতপুর মোড়, মচমইল বাজার, শংকরপৈ মোড়, খর্দ্দকৌড় মোড়, ধামিনকৌড়, বুজরুককৌড়, বানাইপুর, বাইগাছা ও বসন্তপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের এলাকার নানা সমস্যার কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ডাঃ আব্দুল বারী সরদার বলেন, শুভডাঙ্গা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও রাস্তাঘাটসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

এ ছাড়া কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

এমপি ডাঃ আব্দুল বারী সরদার আরও বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। মানুষের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com