প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে।
৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে সদস্যপদ বাতিল হবে।’জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কখন ঘোষণা হবে, জানতে চাইলে চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থীর কে হবেন সেটি প্রধানমন্ত্রী ঘোষণার পরই জানা যাবে।
নূরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।
তিনি বলেন, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে।
তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে এরপর ফলাফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সচিবালয় তাঁদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ইসির তফসিল অনুযায়ী, আগামী ২০ অগাস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে এবারের সংসদ নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।