দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ০৩ নভেম্বর, ২০২৬, ০১:০৫ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ০৪ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর অধ্যক্ষের দায়িত্বে ফিরলেন হাতেম আলী

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর অধ্যক্ষের দায়িত্বে ফিরলেন হাতেম আলী

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী দীর্ঘ ২৬ মাস ১৩ দিন পর পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগে বাধ্য করা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে দীর্ঘ সময় দায়িত্বের বাইরে থাকার পর তিনি নিজ পদে ফিরলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট কলেজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে হাতেম আলীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর থেকে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারেননি। এ সময়ে কয়েক দফায় দায়িত্বে ফেরার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি পেলেও বিভিন্ন কারণে তাঁর যোগদান সম্ভব হয়নি।

অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৩ অক্টোবর ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কলেজের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে দীর্ঘ ২৬ মাস ১৩ দিন পর পুনরায় অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন হাতেম আলী।

তাঁর অনুপস্থিতিতে কলেজের রুটিন দায়িত্ব পালন করেন তিনজন শিক্ষক। তাঁরা হলেন আব্দুস সাত্তার সরদার, রমজান আলী ও বেলাল হোসেন। পর্যায়ক্রমে তাঁদের ওপর কলেজের পরিচালনার দায়িত্ব ন্যস্ত ছিল।

দীর্ঘ বিরতির পর অধ্যক্ষের দায়িত্বে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কলেজের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্বাভাবিকতা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ হাতেম আলী বলেন, “মব সৃষ্টি করে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে কলেজের সুনাম অক্ষুণ্ন রেখে সব শিক্ষকের সহযোগিতায় লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাব।”


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com