দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১০ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দারপাড়া মহল্লায় সরকারি খাস জমিতে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের লিখিত অভিযোগের পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দারপাড়া মসজিদের সামনে সরকারি খাস জমিতে আশরাফ হোসেন নামে এক ব্যক্তি ভবন নির্মাণ করছেন। অভিযোগে বলা হয়েছে, মসজিদের সামনে থাকা একটি ল্যাট্রিন, একটি টিউবওয়েল ও প্রস্রাবখানা ভেঙে সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ওই এলাকার ৭৫৩, ৭৭১ ও ৭৭২ নম্বর দাগে সরকারি খাস জমি রয়েছে। এসব জমিতে স্থায়ী ভবন নির্মাণের অনুমোদন না থাকলেও নিয়ম-নীতি উপেক্ষা করে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাস জমি বন্দোবস্ত বা লিজ নিয়ে নির্দিষ্ট শর্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ থাকলেও সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এরপরও ওই স্থানে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সরকারি জমি দখলমুক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি খাস জমি বন্দোবস্ত নেওয়া হলেও সেখানে স্থায়ী ভবন নির্মাণের নিয়ম নেই। উপজেলা প্রশাসন থেকেও এ ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না। স্থায়ীভাবে ভবন নির্মাণ করতে হলে জেলা প্রশাসকের লিখিত অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এদিকে, ভবনটির নির্মাণকারী আশরাফ হোসেন বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর মেয়ে আঁখি বলেন, ‘আমার বিয়ে হয়ে গেছে। আমি স্বামীর বাসায় থাকি। এই জমি আমার আব্বা সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নিয়েছেন। আমরা ৯৯ বছর ভোগদখল করব। সেখানে যা করার, আমরা করব।’

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com