রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী ও দুই বছরের সন্তান রেখে গর্ভে আরেক সন্তান নিয়ে জয়নব আক্তার বিউটি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদীন বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও জয়নবের সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দুই বছরের ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন তাঁর স্বামী। মায়ের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করছে ছোট্ট শিশুটি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে জয়নব আক্তার বিউটি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
জয়নব আক্তার বিউটি ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে জয়নবের গর্ভে আরও একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বামী।
পরিবারের অভিযোগ, একই এলাকার লতিফের ছেলে শামীমের সঙ্গে জয়নবের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। এ নিয়ে স্বামী তাঁকে নিষেধ করলে পারিবারিকভাবে দ্বন্দ্ব দেখা দিত। সর্বশেষ শামীমের সঙ্গে কথিত পরকীয়া সম্পর্কের জেরেই তিনি স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, শামীমের সঙ্গে জয়নবের আগে থেকেই যোগাযোগ ছিল। তাঁকে নিষেধ করলেই পারিবারিক দ্বন্দ্ব দেখা দিত। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে এবং আরেকটি সন্তান তাঁর গর্ভে। স্বামী-সন্তানের কথা না ভেবে তিনি ওই ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে তিনি মনে করছেন।
জয়নব আক্তার বিউটি বর্তমানে কোথায় রয়েছেন কিংবা তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
জয়নবের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘শুনেছি, যে ছেলের সঙ্গে গেছে, সে আমার জামাইয়ের বন্ধু। এখন পর্যন্ত তাদের কোনো খবর পাইনি। তাদের ফোন নম্বরও আমাদের কাছে নেই, যোগাযোগ করার মতো কোনো উপায়ও নেই।’
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।