রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে একই দিনে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই গৃহবধূর ১০ দিনেও কোনো সন্ধান মেলেনি। তারা সম্পর্কে জা। নিখোঁজ দুই গৃহবধূ হলেন—কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একসঙ্গে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিলেও তাদের কোনো সন্ধান পাননি।
নিখোঁজের ১০ দিন পার হয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। কীভাবে তারা নিখোঁজ হয়েছেন, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ দুই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডির সূত্র ধরে নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের সহায়তা নেওয়া হচ্ছে।
এদিকে নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান দ্রুত পাওয়ার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।