বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার (৭ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার সাঁকোয়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে আব্দুর রউফ সরদার ওরফে বাদল। তাঁর বিরুদ্ধে বাগমারার সিনিয়র সহকারী জজ (পারিবারিক) আদালতের সি.আর মামলা নম্বর ২১২/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৭(৫) ধারায় দায়ের করা হয়েছে।
এ ছাড়া দানগাছি গ্রামের ফজল উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৬৩), কাঠালবাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন এবং গোয়ালকান্দি গ্রামের মৃত হাবের সরদারের ছেলে তাহের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মকবুল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর সি.আর মামলা নম্বর ১২৮৯/২৪, আনোয়ার হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি.আর মামলা নম্বর ৫৪৭/২৫ এবং তাহের আলীর বিরুদ্ধে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর সি.আর মামলা নম্বর ৬২৫/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় আব্দুল মান্নান (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার গোয়ালপাড়া পূর্বপাড়া গ্রামের আঃ সামাদের ছেলে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
এ ছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন খোশেদ আলী প্রামাণিক (৪৮)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রুপাই প্রামাণিকের ছেলে। তাঁর বিরুদ্ধে বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পৃথক অভিযানে বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।