বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব-২০২৬ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ডিসেম্বর মাসে এ উৎসবকে ঘিরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের মিলনমেলার আয়োজন করা হচ্ছে।
‘কৈশোরের ঐ স্মৃতির টানে, এসো মিলি—বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে’ স্লোগানকে সামনে রেখে শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজন করা হচ্ছে। এ আয়োজনকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষাজীবনের স্মৃতি, বন্ধুত্ব ও পুরোনো দিনের নানা গল্প ভাগাভাগি করার সুযোগ তৈরি হবে এ উৎসবের মাধ্যমে।
উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা নিজেদের সুবিধামতো পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, শতবর্ষ পূর্তি উৎসবকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানের শত বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উৎসবকে সামনে রেখে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ডিসেম্বর মাসে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।