রাজশাহীর বাগমারায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ও ১৫ ধারায় এ অর্থদণ্ড দেন। অভিযানে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে বিকল্প মোড়ক ব্যবহার করছেন। এ অপরাধে ব্যবসায়ী আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং আকরাম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ভবানীগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় যানজট নিরসনে সড়কের ওপর রাখা দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমনভাবে মালামাল না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন রাজশাহী পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাদিম আক্তার, বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) বরুনসহ পুলিশের সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধ ও আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সড়কে যানজট সৃষ্টি হয় এমনভাবে মালামাল না রাখতেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।