জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগমারায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগমারায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোডাউন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ড. ওয়ারেছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাইনুল ইসলাম এবং জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা বাবুল হোসাইন, তাহেরপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, ইসলামী ছাত্রশিবির বাগমারা পশ্চিম শাখার সভাপতি মিকদাদ হোসেন, ইসলামী ছাত্রশিবির বাগমারা পূর্ব শাখার সভাপতি সাব্বির হোসেন, এমপি'র ব্যক্তিগত সহকারী (পিএ) শাহিন আলমসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার এমপি বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। অথচ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই তারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে।"

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারা বলেন, জনগণের ভাষা ও প্রত্যাশা অনুধাবন করে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক ও মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

সমাবেশ থেকে সরকারকে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় এসব দাবিতে দেশের জনগণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করবে বলে বক্তারা সতর্ক করেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com