রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার নরদাশ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
নরদাশ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও জনসভায় অংশ নিয়ে এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেই এলাকার উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এ সময় তিনি নরদাশ ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন। মানুষের চাহিদা ও এলাকার অগ্রাধিকার বিবেচনায় নিয়ে আগামী দিনে উন্নয়নের ধারা আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
সফরকালে বাঁধেরহাট এলাকায় পথসভা শেষে ভেদুর মোড়, মাদিলা মোড়, নরদাশ বাজার, ঢাকের মোড় ও হাট মাধনগর বাজারে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন এমপি ডা. আব্দুল বারী। এসব কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
জনগণের কথা মনোযোগ দিয়ে শোনার পর এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। মানুষের সমস্যা সমাধান এবং বাগমারার প্রতিটি এলাকার উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, নরদাশ ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মমতাজ আলী, সাধারণ সম্পাদক আল মামুন, বায়তুল মাল সম্পাদক আনিসুর রহমান, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনায় এমপি ডা. আব্দুল বারীর এ সফরকে ইতিবাচকভাবে দেখছেন এলাকার সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নরদাশ ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি এলাকার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।