রাজশাহীর বাগমারা উপজেলায় কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট গভীর থেকে ৬.৭ কেজি ওজনের একটি পাথর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাথার গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, উদ্ধার করা পাথরটি কষ্টিপাথর হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরপাথার গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী মুকি বিবি (১০০)-এর দাফনের জন্য কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট গভীরে শক্ত একটি পাথরের সন্ধান পান শ্রমিকরা। পরে সেটি মাটি থেকে তুলে আনা হলে স্থানীয়রা পাথরটিকে কষ্টিপাথর বলে ধারণা করেন।
খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগিতায় পাথরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। উদ্ধার করা পাথরটির ওজন প্রায় ৬.৭ কেজি বলে জানা গেছে।
কবর খননের সময় মাটির গভীর থেকে পাথর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাথরটি আসলেই কষ্টিপাথর কি না এবং এর কোনো ঐতিহাসিক বা আর্থিক মূল্য রয়েছে কি না, তা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ডিএম জহিরুল ইসলাম বলেন, উদ্ধার করা পাথরটি পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।