বাগমারায় ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

বাগমারায় ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক প্রাংয়ের বাড়িতে ককটেল হামলার ঘটনায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মালেক মণ্ডলসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় আব্দুর রাজ্জাক প্রাংয়ের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আব্দুল মালেক মণ্ডলের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি ককটেল, লোহার রড, স্টিলের পাইপ, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং তিনটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির গেট, উঠান ও বারান্দায় পড়ে থাকে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরের সব লাইট বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির গেট, দেয়াল ও গ্রিলে লোহার রড দিয়ে আঘাত করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি ঘটায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাদী আব্দুর রাজ্জাক প্রাং দাবি করেন, ঘটনার পরপরই তিনি বাগমারা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে জব্দ করে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে গত ১৫ মার্চ ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে আব্দুল মালেক মণ্ডলের সঙ্গে বাদীর বাকবিতণ্ডা হয়। সে সময় প্রকাশ্যে তাকে ও তার পরিবারকে বোমা হামলা করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বাগমারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। মামলায় সাবেক মেয়র আব্দুল মালেক মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, এ প্রতিবেদনটি মামলার এজাহারে উল্লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com