প্রিন্ট/PDF-এ এই লেখাটা একটু কম্প্যাক্ট (ছোট) সাইজে ১ পৃষ্ঠায় আসবে — এখানে স্বাভাবিক পড়ার সাইজে দেখানো হচ্ছে।

দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ১০ আগস্ট, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ১০ আগস্ট, ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বাগমারায় এসএসসিতে অকৃতকার্যের খবর পেয়ে শিক্ষার্থীর আত্মহনন

বাগমারায় এসএসসিতে অকৃতকার্যের খবর পেয়ে শিক্ষার্থীর আত্মহনন

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে, তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়া এবং মানসিকভাবে বিপর্যস্ত হলে তাদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com