দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন প্রিন্টের তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর আবুল কাসেম, বাগমারা থানার এসআই সুজন সরকার এবং ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিশ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। শুধু পড়তে ও লিখতে পারলেই হবে না, এর পাশাপাশি মানুষকে আধুনিক জ্ঞান ও দক্ষতায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com