দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ৩১ আগস্ট, ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বাগমারায় আওয়ামী লীগ নেতাসহ আটক ২

বাগমারায় আওয়ামী লীগ নেতাসহ আটক ২

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা বাজার থেকে একজনকে এবং সন্ধ্যায় বাগমারা থানার মোড় এলাকা থেকে অপরজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য খোদা বক্স (৫৫) এবং বাগমারা গ্রামের আওয়ামী লীগ কর্মী এনামুল হক দুলাল (৪০)।

খোদা বক্সের পরিবারের সদস্যরা জানান, গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খোদা বক্সের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে রোববার বিকেলে খোদা বক্স ঝিকরা বাজারে এলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে মব সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অন্যদিকে, রোববার সন্ধ্যায় বাগমারা থানার মোড় এলাকা থেকে এনামুল হক দুলালকে আটক করে পুলিশ। দুলালের ভাই লাল মোহাম্মাদ জানান, তার ছোট ভাই আওয়ামী লীগকে সমর্থন করেন। তবে তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। বাড়িঘর দেখাশোনার জন্য ছুটি নিয়ে রোববার সকালে তিনি নিজ বাড়ি বাগমারায় আসেন। সন্ধ্যায় থানার মোড়ের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে বাইরে বের হলে কয়েকজন পুলিশ সদস্য এসে ওসি ডাকছেন বলে তাকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, সরকারি কাজে বিরোধিতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় নিয়মিত মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, সোমবার দুপুরে মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com