দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২৮ অক্টোবর, ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বাগমারায় অবৈধ পুকুর খনন, একজনের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা

বাগমারায় অবৈধ পুকুর খনন, একজনের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুজনকে পৃথক দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খনন করা হচ্ছিল। এতে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল বলে জানা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালানো হয়। সেখানে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) এসএম আব্দুল আলিম, এসআই রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com