পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ শুক্রবার (৯ অক্টোবর) রাতে সৌদি আরব যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারী সরদার। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। সৌদি আরবে ওমরাহ পালন ও অবস্থান শেষে আগামী ২৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সৌদি আরব যাত্রার আগে এক বিবৃতিতে ডা. আব্দুল বারী তাঁর নির্বাচনী এলাকা বাগমারাসহ দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে ওমরাহ পালন শেষে দেশে ফিরে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগমারাসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী।
সফরকালীন সময়ে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সততা, সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।